মঙ্গলবার, ১৭ জুন, ২০১৪

বেদনা-অভিমান

ওরে আমার বুকের বেদনা!
ঝঞ্চা-কাতর নিশীথে রাতের কপোত সম রে
আকুল এমন কাঁদন কেঁদো না।।


কখন সে কার ভুবন-ভরা ভালবাসা হেলায় হারালি,
তাই তো রে আজ এড়িয়ে চলে সকল স্নেহে পথে দাঁড়ালি।
ভিজে ওঠে চোখের পাতা তোর,
একটি কথায়- অভিমানী মোর!




ডুকরে কাঁদিস বাঁধন-হারা, ‘ওগো, অামার বাঁধন বেঁধ না’।।

বাঁধন গৃহের সইল না তোর,
তাই ব’লে কি মায়াও ঘরের ডাক দেবে না তোকে?
অভিমানী গৃহ-হারা রে!

চললে একা মরুর পথে
সাঁঝের আকাশ মায়ের মতন ডাকবে নত চোখে,
ডাকবে বধূ সন্ধ্যাতারা যে!

জানি ওরে, এড়িয়ে যারে চলিস তারেই পেতে চলিস পথে।
জোর ক’রে কেউ বাঁধে না তাই বুক ফুলিয়ে চলিস বিজয়-রথে।
ওরে কঠিন! শিরীষ-কোমল তুই!
মর্মর তোর মর্মে ছাপা বেল কামিনী যুঁই!
বুক-পোরা তোর ভালবাসা, মুখে মিছে বলিস ‘সেধো না’।
আমার বুকের বেদনা।।

-কাজী নজরুল ইসলাম, ছায়ানট

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন